Activism Lab

কার্যকর অ্যাক্টিভিজমের জন্য ইনকুয়েস্ট (Inquest)

এনামুল হোসাইন শাওন
গোল টেবিল ঘিরে আলোচনায় বসা মানুষ, মাথার ওপর কথার বেলুন

কোনো ক্যাম্পেইন শেষ হবার পরপরই যেটা করতে হবে তা হলো ইনকুয়েস্ট (Inquest) । Inquest এর বাংলা শব্দ অনুসন্ধান, তদন্ত। কোনো ঘটনা, বিশেষত কোনো অপ্রীতিকর ঘটনার, সম্পর্কে আলোচনা বা তদন্ত। ইনকুয়েস্টে একে অপরের উপর পুলিশগিরি করার ব্যাপারে আপনাদের মনোযোগ থাকবেনা। বরং পুরো মনোযোগ নিবন্ধ থাকবে ক্যাম্পেইনের মাধ্যমে ইউনিটের কি কি দুর্বলতা প্রকাশ পেল, তারা কি কি ভুল করল ইত্যাদি খুঁজে বের করার দিকে। আমরা কতো ভালো ক্যাম্পেইন করলাম, সবাই মিলে কি চমৎকার কাজ করলাম- একে অপরের সাথে এসব আলোচনা না করে আমরা ভুল খুঁজে বের করার চেষ্টা করব ।

ইনকুয়েস্ট হলো ক্যাম্পেইন শেষে একটি কৌশলগত অনুসন্ধান প্রক্রিয়া, যার মূল লক্ষ্য হলো আত্ম-সমালোচনা, ত্রুটি চিহ্নিতকরণ এবং শিক্ষণীয় দিকগুলোর মাধ্যমে ইউনিটের সক্ষমতা বৃদ্ধি করা (Skill Development and Capacity Building)। এখানে সফলতার আলোচনা নয়, বরং দুর্বলতা এবং ভুলগুলো বিশ্লেষণ করাই প্রধান উদ্দেশ্য।

ধরুন আপনারা কোনো ক্যাম্পেইন করে এসেছেন। এখন ইনকুয়েস্ট শুরু হয়েছে। প্রথমে আপনি আত্মসমালোচনা করবেন। স্বীকার করবেন আমি এভাবে এভাবে ভুল করেছি। আপনি কোন কোন ব্যাপারে সফল হয়েছেন তা একবারের জন্যেও বলবেন না। আপনি যে কিছু ব্যাপারে সফল হয়েছেন এটা সবাই জানে। নতুন করে বলার আর কিছু নেই। এরপর বলবেন আপনি কোন কোন বিষয়ে ভুল করেছেন। এভাবে সততার সাথে অকপটভাবে নিজের দোষ স্বীকার করার পর আপনি উপস্থিত অন্য ভাইদের সমালোচনা করার অধিকার অর্জন করবেন। এরপর আপনি অন্য ভাইদের ভুল সামনে নিয়ে আসবেন। অন্যরা এ ব্যাপারে কি ভাবছে তা জানতে চাইবেন। কোনো ভুল লুকিয়ে রাখা হবে না। সব সামনে নিয়ে আসা হবে। এভাবে সব ভুলের ব্যাপারে বারবার আলোচনার ফলে বোঝা যাবে কেন ভুলগুলো হচ্ছে, কিভাবে ভুলগুলো এড়ানো যেত এবং এখান থেকে আমরা কি কি শিখলাম যা এধরনের অন্য কাজগুলোর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি।

কোনো ইউনিট যদি তাদের কাজকে সিরিয়াসলি দেখে তাহলে ইনকুয়েস্ট খুবই সিরিয়াসলি করা উচিত। যেসব ইউনিট নিজেদেরকে অন্য মাত্রায় নিয়ে যেতে চায় বা যতো বেশী সম্ভব নিজেদের দক্ষতা বৃদ্ধি করে কার্যকরভাবে কাজ করতে চায় তাদের জন্য ইনকুয়েস্ট খুবই উপকারী হবে ইনশা আল্লাহ।

ইনকুয়েস্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর ধাপগুলো আরও একবার দেখা যাক।

  • নিজের সমালোচনা করা
  • সফলতার কথা না বলা
  • সৎ এবং স্পষ্টভাবে ভুল স্বীকার করা : আপনার ভুলগুলো স্পষ্টভাবে বলুন, যেমন “আমি এই, সেই, এবং অন্য জায়গায় ভুল করেছি।”
  • নিজে ভুল স্বীকারের পর অন্যদের সমালোচনা করা
  • অন্যদের মতামত চাওয়া
  • কোনো ভুল গোপন না করা। সব ভুল সামনে নিয়ে আসা আনুন
  • কেন ভুল হলো তা বোঝা : গভীরভাবে বিশ্লেষণ করুন কেন ভুলগুলো হয়েছে।
  • ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং পরের ক্যাম্পেইনগুলোতে ভুল থেকে যে শিক্ষা পাওয়া গেল তা বাস্তবায়ন করা। ভুলগুলো লেখে ফেলে তা থেকে মুক্তির উপায় নিয়ে  সদস্যদের সবার মাঝে আলোচনা করা।

একটি উদাহরণ দেওয়া যাক। মনে করুন ভ্যালেন্টাইনে যিনা ব্যভিচারের উৎসব বসে। একদল অ্যাক্টিভিস্ট সিদ্ধান্ত নিলেন ভ্যালেন্টাইনের এই অশ্লীলতা যিনা ব্যভিচারের বিরুদ্ধে তারা রম্য মিছিল করবেন। এর মাধ্যমে মানুষজনকে সচেতন করবেন। বাংলাদেশে আগে কখনো এমন মিছিল হয়নি। তো তারা, রম্য মিছিল করল। মিছিলের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সেখানে অনেক মানুষের পজিটিভ কমেন্ট পড়ল। ভিডিওতে  অনেক ভিউ হলো। মিছিল করার পর অ্যাক্টিভিস্ট দল ইনকুয়েস্ট করতে বসল। তো তারা কখনো বলবে না আমরা কতো বড় সফলতা পেয়েছি। বাংলাদেশে আগে কখনো কেউ এমন কিছু করেনি। মানুষ আমাদের অনেক সমর্থন করেছে। অনেক প্রশংসা করেছে। ভিডিওর ভিউ অনেক হয়েছে। আমরা একটা ট্রেন্ড সেট করলাম। পরের বছর সারা দেশে আমাদের মিছিলের মতো মিছিল করবে মানুষজন। তাদের ইনকুয়েস্ট হবে এমন-

একজন বলবে মিছিলের সময় মানুষজন আমাদের দিকে অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল। আমরা তাদের হাতে যিনা ব্যভিচার অশ্লীলতা বিরোধী লিফলেট ধরিয়ে দিতে পারতাম। তাহলে আমাদের মেসেজ আরও অনেক মানুষের কাছে পৌঁছাতো।

আর একজন বলবে- আমাদের স্লোগান মানুষেরা ভালোমতো বুঝতে পারেনি। আমাদের উচিত ছিল খালি গলায় স্লোগান না দিয়ে মাইকে স্লোগান দেওয়া।

আর একজন বলবে- আমরা মিছিলের লাইভ করিনি। লাইভে গেলে আরও অনেক মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছাতো।

আর একজন বলবে- আমরা দুপুরবেলা মিছিল করেছিলাম। সে সময় তো রাস্তাতে মানুষ থাকেনা বেশী। আমাদের ছিল বিকালে মিছিল করা।

আর একজন বলবে- আমাদের মূল টার্গেট ছিল স্টুডেন্টরা। অথচ আমরা মিছিল করেছি এমন রাস্তায় যেখানে স্টুডেন্টের সংখ্যা খুবই কম ছিল।

তো এভাবে তারা একের পর এক ভুল বের করবে। নির্দয়ভাবে নিজেদের সমালোচনা করবে এবং সবশেষে কিভাবে মিছিল করতে হয়- এ নিয়ে একটা ম্যানুয়াল বা গাইডলাইন তৈরি করবে। এই গাইডলাইন দেখলেই পরবর্তী মিছিলগুলোতে এই সেইম ভুল করার সম্ভাবনা আর থাকবে না।

ক্যাম্পেইনোত্তর ইনকুয়েস্ট (Post-Campaign Inquest) এর ফরম্যাট

ধাপ

কাজের শিরোনাম (Focus Area)

উদ্দেশ্য ও পদ্ধতি

১

ব্যক্তিগত আত্মসমালোচনা ও অকপট ভুল স্বীকার (Individual Self-Critique)

উদ্দেশ্য: ইনকুয়েস্টের জন্য সৎ ও গঠনমূলক পরিবেশ তৈরি করা।

পদ্ধতি: প্রতিটি সদস্য একে একে কেবল নিজেদের ব্যক্তিগত ভুল এবং দুর্বলতাগুলো সুনির্দিষ্টভাবে স্বীকার করবেন। কোনোভাবেই ব্যক্তিগত বা দলগত সফলতার কথা উল্লেখ করা যাবে না। উদাহরণস্বরূপ: "আমি [নির্দিষ্ট কাজ/দায়িত্ব] সম্পাদনের সময় [সুনির্দিষ্ট ভুল] করেছিলাম।"

২

পারস্পরিক গঠনমূলক সমালোচনা ও বিশ্লেষণ (Mutual Constructive Criticism)

উদ্দেশ্য: ইউনিটের মধ্যে লুকিয়ে থাকা দুর্বলতাগুলো সামনে নিয়ে আসা।

পদ্ধতি: নিজের ভুল স্বীকারের পর, সদস্যরা একে অপরের কাজ বা সিদ্ধান্তগুলোতে যে ত্রুটি দেখেছেন, তা স্পষ্টভাবে উপস্থাপন করবেন এবং অন্যদের মতামত চাইবেন। সমালোচনা অবশ্যই ব্যক্তিগত আক্রমণমুক্ত এবং ক্যাম্পেইনের লক্ষ্যের ওপর ভিত্তি করে হতে হবে।

৩

ভুলগুলো লিপিবদ্ধকরণ ও উন্মোচন (Error Documentation and Disclosure)

উদ্দেশ্য: কোনো ভুল যেন গোপন না থাকে এবং সব তথ্য বিশ্লেষণের জন্য সামনে আসে ।

পদ্ধতি: ইনকুয়েস্টে আলোচিত সমস্ত ভুল, ত্রুটি এবং দুর্বলতার ক্ষেত্রগুলো তালিকাভুক্ত করা। এখানে তথ্য গোপন বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

৪

মূল কারণ বিশ্লেষণ (Root Cause Analysis - RCA)

উদ্দেশ্য: ভুলগুলো কেন ঘটেছে, তা গভীরভাবে বোঝা।

পদ্ধতি: তালিকাভুক্ত প্রতিটি ভুলের জন্য প্রশ্ন করা: "কেন এই ভুলটি হয়েছিল?" গভীর আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে ভুলের পেছনের আসল কারণ (যেমন: ভুল পরিকল্পনা, প্রশিক্ষণের অভাব, রিসোর্স সমস্যা, সময়ের ভুল ব্যবহার) চিহ্নিত করা।

৫

শিক্ষণীয় দিক ও সুপারিশ (Learnings and Recommendations)

উদ্দেশ্য: ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের কাজের জন্য গাইডলাইন তৈরি করা।

পদ্ধতি: RCA থেকে প্রাপ্ত শিক্ষণীয় দিকগুলো স্পষ্ট করা। এই শিক্ষাগুলোর ভিত্তিতে পরবর্তী ক্যাম্পেইন বা একই ধরনের কাজের জন্য সুনির্দিষ্ট করণীয় (Actionable Solutions) ও গাইডলাইন তৈরি করা। (যেমন: 'দিনের বেলায় কম ভিড়ের রাস্তায় না গিয়ে বিকেলে টার্গেটেড এলাকায় মিছিল করা উচিত')।

৬

ম্যানুয়াল/গাইডলাইন প্রস্তুতি ও প্রয়োগ (Manual/Guideline Preparation)

উদ্দেশ্য: একই ভুলের পুনরাবৃত্তি স্থায়ীভাবে এড়ানো।

পদ্ধতি: ইনকুয়েস্টের ফলস্বরূপ প্রাপ্ত সুপারিশ ও সমাধানগুলোকে একত্রিত করে একটি আনুষ্ঠানিক ' ম্যানুয়াল' বা 'গাইডলাইন' তৈরি করা। এই ম্যানুয়ালটি ভবিষ্যতের সকল সংশ্লিষ্ট সদস্যের মাঝে বিতরণ ও আলোচনা করা।

ইনকুয়েস্ট (Inquest) ফরম্যাট: রম্য মিছিলের উদাহরণ

ক্যাম্পেইনের বিষয়: ভ্যালেন্টাইনে যিনা-ব্যভিচারের বিরুদ্ধে রম্য মিছিল।

তারিখ/সময়: [এখানে তারিখ ও সময় লিখুন]

ইউনিটের নাম: [এখানে ইউনিটের নাম লিখুন]

ধাপ

কাজের শিরোনাম (Focus Area)

উদাহরণ ভিত্তিক বিশ্লেষণ ও মন্তব্য

১

ব্যক্তিগত আত্মসমালোচনা ও অকপট ভুল স্বীকার

সদস্য-১: "মিছিল চলাকালীন পথচারীদের আগ্রহ দেখেও আমি তাদের হাতে লিফলেট ধরিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাইনি। আমার দায়িত্ব ছিল হাতে থাকা লিফলেটগুলো দ্রুত বিতরণ করা, সেখানে আমি ব্যর্থ হয়েছি।" সদস্য-২: "মাইকের ব্যবস্থা থাকার পরেও আমি খালি গলায় স্লোগান দিয়েছি, যার ফলে স্লোগানগুলো মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছায়নি। এটা আমার দুর্বলতা।"

২

পারস্পরিক গঠনমূলক সমালোচনা ও বিশ্লেষণ

সদস্য-৩ (সদস্য-৪ এর উদ্দেশ্যে): "আমরা দুপুরবেলা মিছিল করেছি, কিন্তু এই সময় মূল টার্গেট (শিক্ষার্থী) এলাকাগুলোতে ভিড় কম থাকে। আমাদের কি উচিত ছিল না বিকেলের দিকে সময়টা নির্ধারণ করা? এই সময় নির্বাচনের পেছনে যুক্তি কী ছিল?" সদস্য-৪ (সদস্য-৫ এর উদ্দেশ্যে): "ভিডিও লাইভের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন আমরা সেটা করিনি? লাইভ করলে কি আরও অনেক বেশি মানুষের কাছে বার্তা পৌঁছাতো না? অন্যদের মতামত কী?"

৩

ভুলগুলোর লিপিবদ্ধকরণ ও উন্মোচন

চিহ্নিত ত্রুটিসমূহ: ১. পথচারীদের মধ্যে লিফলেট বিতরণে ব্যর্থতা। ২. মাইক ব্যবহার না করায় স্লোগানের দুর্বলতা। ৩. সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং না করা। ৪. ভুল সময়ে (দুপুরবেলা) মিছিল শুরু করা। ৫. মূল টার্গেট (শিক্ষার্থী) এলাকা বাদ দিয়ে অন্য রাস্তায় মিছিল করা।

৪

মূল কারণ বিশ্লেষণ (Root Cause Analysis - RCA)

ভুল ১ ও ২: প্রস্তুতির সময় যোগাযোগ উপকরণের সর্বোচ্চ ব্যবহার (যেমন লিফলেট বিতরণ ও মাইক ব্যবহার) নিয়ে সুস্পষ্ট নির্দেশনা বা প্রশিক্ষণ ছিল না। ভুল ৪ ও ৫: ক্যাম্পেইন পরিকল্পনার সময় টার্গেট অডিয়েন্স (শিক্ষার্থী) এবং ভিড়ের সময় নিয়ে গভীরভাবে কৌশলগত বিশ্লেষণ করা হয়নি। অর্থাৎ, পরিকল্পনায় ত্রুটি ছিল। ভুল ৩: লাইভ করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দায়িত্বে অনীহা বা কারিগরি জ্ঞানের অভাব।

৫

শিক্ষণীয় দিক ও সুপারিশ

শিক্ষা: অ্যাক্টিভিজমের সফলতা শুধুমাত্র মিছিলে নয়, বরং সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক সরঞ্জাম (মাইক, লিফলেট) সহ টার্গেট অডিয়েন্সের কাছে বার্তা পৌঁছানোর ওপর নির্ভর করে। সুপারিশ: ১. পরবর্তী মিছিল বিকেল ৪-৫টার মধ্যে শিক্ষার্থীবহুল এলাকায় আয়োজন করতে হবে। ২. মিছিলে মাইক বা পোর্টেবল সাউন্ড সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। ৩. লিফলেট বিতরণের জন্য প্রতিটি গ্রুপে একজন করে বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্য নিয়োগ দিতে হবে। ৪. সোশ্যাল মিডিয়া টিমের জন্য লাইভ স্ট্রিমিং ও ভিউয়ার এনগেজমেন্ট এর গাইডলাইন তৈরি করতে হবে।

৬

ম্যানুয়াল/গাইডলাইন প্রস্তুতি ও প্রয়োগ

ইনকুয়েস্টের আলোচনা ও সুপারিশগুলো একত্রিত করে একটি 'রম্য মিছিল পরিচালনা ম্যানুয়াল' তৈরি করা। এই ম্যানুয়ালে স্লোগান, প্রচারের সময়, স্থান ও উপকরণ ব্যবহার সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশাবলী অন্তর্ভুক্ত থাকবে, যাতে ভবিষ্যতে একই ভুল আর না হয়।

শেয়ার করুনFacebookWhatsAppMessenger

সম্পর্কিত লেখা