অ্যাক্টিভিসমের ১০ টি মূলনীতি

অ্যাক্টিভিসমের ১০ টি মূলনীতি

অ্যাক্টিভিসমকে আমরা যতটা সরল ভাবি, ব্যাপারটা আসলে ততটা সরল না। এটা শুধু আবেগের বশে দু-চারটে কাজ করে ফেলার ব্যাপার না। আমরা যা চাইছি, সেই লক্ষ্যে সফল হতে গেলে এই কাজকে সুসংগঠিত, নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে আনতে হবে। সামাজিক বা আদর্শিক পরিবর্তন রাতারাতি আসে না। এর জন্য লম্বা সময় নিয়ে পরিকল্পনা, পরিশ্রম ও পেশাদার বুদ্ধি বিনিয়োগ করতে হয়।

এই লেখাতে অ্যাক্টিভিসমের ১০টি মূলনীতি নিয়ে আলোচনা করা হবে। এই জরুরি নিয়মগুলো আপনাকে শিখিয়ে দেবে, কীভাবে আপনার এলোমেলো উদ্যোগগুলোকে একটা শক্তিশালী, দারুণ প্রভাবশালী কাজে বদলে ফেলা যায়। সহজ করে বললে, অ্যাক্টিভিসমের জন্য কী ধরনের মানসিকতা দরকার এবং কাজটা কীভাবে করতে হয়, তা নিয়ে একটা ধারণা পাবার ক্ষেত্রে এই দশটি নীতি একটা কার্যকর ফ্রেইমওয়ার্ক হিসেবে কাজ করবে।

উল্লেখ্য এটি চূড়ান্ত কোনো তালিকা না। মূল আলোচনা সহজ রাখতে এখানে দশটি নীতি তুলে ধরা হয়েছে, ভবিষ্যতে প্রয়োজনে আরো যুক্ত করা হবে।

মূলনীতি ১: স্প্রিন্ট নয়, ম্যারাথন

প্রথম আর সবচেয়ে জরুরি কথাটা হলো—অ্যাক্টিভিসমকে দেখতে হবে ম্যারাথন দৌড়ের মতো। এটা ১০০ মিটারের ছোট্ট স্প্রিন্ট না। স্প্রিন্টে মানুষ পুরো শক্তি একবারে উজাড় করে দেয়, ফলে দৌড়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং এরপরই ক্লান্তি আসে।

কিন্তু ম্যারাথন? এটা হলো ধৈর্য আর টিকে থাকার পরীক্ষা। এ জন্য দরকার লম্বা সময়ের কৌশল, একনাগাড়ে কাজ করে যাওয়ার অভ্যাস, আর মনের জোরকে দেহের ক্লান্তির উপরে রাখার ক্ষমতা।

আপনি যদি স্প্রিন্টের মেজাজ নিয়ে ম্যারাথন দৌড়াতে যান, তাহলে কী হবে? খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়বেন, এমনকি হাসপাতালে যাওয়াও লাগতে পারে। অ্যাক্টিভিসমের ক্ষেত্রেও তাই। এক মাস ধুন্ধুমার কাজ করে পরের এগারো মাস শুয়ে-বসে কাটালে কোনো কাজ হবে না। সমাজের পরিবর্তন বা মানুষের সমর্থন রাতারাতি পাওয়া যায় না। এর জন্য দরকার দীর্ঘদিনের নিরন্তর প্রচেষ্টা। অ্যাক্টিভিস্টকে ম্যারাথনের মতো ধীরস্থিরভাবে, কিন্তু নিয়মিত পা ফেলতে হবে। এটা মাথা গরম করে কিছু করে ফেলার মতো বিষয় না; এটা ক্রমাগত লেগে থাকার কাজ।

মূলনীতি ২: অনুশীলন - কাজ করতে করতে শিখুন

অ্যাক্টিভিসম শেখার উপায় কী?

এটা হলো পুরোপুরি প্র্যাকটিক্যাল নলেজ। ব্যাপারটা অনেকটা সাঁতার শেখা বা সাইকেল চালানোর মতো। আপনি সাঁতার নিয়ে ২০টি বই পড়তে পারেন, কিন্তু পানিতে না নামলে সাতার শিখতে পারবেন না। কেবল বই শেষ করে নদীতে ঝাঁপ দিলে ডুবে যাবেন। সাইকেল চালানো শিখতে হলেও বই পড়লে হবে না, বরং সাইকেল নিয়ে রাস্তায় নামতে হবে।

অ্যাক্টিভিসমও তাই। আপনি শুধু বই পড়ে এই কাজে দক্ষ বা 'মাহির' হতে পারবেন না। যদি সফল হতে চান, তবে একটানা কাজ করে যেতে হবে। কাজ করতে করতেই শিখবেন। ভুল হবে এবং সেই ভুল থেকেও শিখতে হবে।

মনে রাখবেন, বছরে দু-তিনবার কাজ করলে হবে না। আপনার কাজ হতে হবে 'বারো মাসে তেরো পার্বণ' এর মতো। প্রতি মাসেই কোন না কোন কাজ থাকবে। আর কাজ করার পর অবশ্যই একটা মূল্যায়ন দরকার।

বসুন, ভাবুন: "এই কাজটা এভাবে না করে ওভাবে করলে আরও ভালো হতো, এই জায়গায় নজর দেওয়া দরকার ছিল না, ঐখানে নজর দেওয়া দরকার ছিল।" এই অনুশীলন, ভুল আর সংশোধনের চক্রের মধ্য দিয়েই আপনি অ্যাক্টিভিসম শিখবেন এবং পারদর্শী হয়ে উঠবেন ইন শা আল্লাহ।

মূলনীতি ৩: ক্রিয়াশীল হোন, প্রতিক্রিয়া না (Be Proactive, Not Reactive)

এই নীতিটা খুব সহজ: আপনি কি ক্রিয়াশীল (Proactive), নাকি কেবলই প্রতিক্রিয়াশীল (Reactive)?

প্রতিক্রিয়াশীল হওয়া মানে হলো—সমস্যাটা আগে ঘটুক, তারপর দেখা যাবে!

ধরুন, একটা রাস্তায় বড় গর্ত হয়েছে। প্রতিক্রিয়াশীলতা বলবে: অপেক্ষা করুন, অ্যাক্সিডেন্ট হলে পরে আহতদের হাসপাতালে পাঠানো যাবে।

অন্যদিকে, ক্রিয়াশীল হওয়া মানে হলো দূরদর্শিতার জায়গা থেকে কাজ করা। আপনি বুঝতে পারছেন, একটা অঘটন ঘটবে। তাই আগেই রাস্তাটা ঠিক করে ফেলুন, অন্তত একটি সাইনবোর্ড দিয়ে গাড়ির চালকদের সতর্ক করে দিন। দুঃখের বিষয় হলো, আমরা বেশিরভাগ সময়ই প্রতিক্রিয়াশীল থাকি। কোনো বিতর্কিত ইস্যু ভাইরাল হলে আমাদের মধ্যে তিন-চার দিনের জন্য 'জযবা' আসে, আমরা কাজে ঝাঁপিয়ে পড়ি। তারপর ভুলে যাই। কিন্তু যারা সমাজে বাতিল ও কুফরকে কিছু প্রতিষ্ঠা করতে চায়, তারা বছরের পর বছর ধরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

আমরা যদি সমাজকে রক্ষা করতে চাই, তবে আমাদেরও সেই মেজাজটা বুঝতে হবে। আপনার কাজগুলো হওয়া উচিত ৮০% ক্রিয়াশীল এবং ২০% প্রতিক্রিয়াশীল। যদি তা সম্ভব না হয়, তাহলে যেন ৬০% কাজ প্রোঅ্যাক্টিভ হয়। একটি লম্বা সময়ের রোডম্যাপ তৈরি করুন, কৌশল ঠিক করুন, এবং সেই অনুযায়ী টানা ক্যাম্পেইন চালান। হঠাৎ ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়ায় না মেতে, পরিকল্পনা করে কাজে নামুন।

মূলনীতি ৪: আপনার শ্রোতা ও দর্শককে জানুন, বুঝুন (Know Your Audience)

আপনাকে জানতে হবে, আপনার মাদ'উ বা আপনার কথা যারা শুনবেন, তারা কারা। আপনি কাদের বদলাতে চাচ্ছেন? প্রথমে তাদের অবস্থা বুঝুন, তারপর সেই অনুযায়ী আপনার কথাগুলো সাজান।

বামপন্থী এক তাত্ত্বিক গ্রামে গিয়ে কৃষকদের সামনে কার্ল মার্ক্সের খটমটে বই খুলে পড়লে কৃষকরা কিছুই বুঝবে না, শুধু মুখ চাওয়া-চাওয়ি করবে। এটা পণ্ডশ্রম। কৃষককে বোঝাতে হবে তার ভাষা, তার পরিস্থিতি অনুযায়ী।

মানুষকে তার অবস্থা অনুযায়ী বোঝানোই হলো নবীজির (সাঃ) সুন্নাহ। তিনি শহুরে বা বেদুইন—সবার সাথে তাদের মতো করে, তাদের জন্য সহজ করে কথা বলতেন। আপনার দাওয়াহর মূল কথা বদলাবে না, কিন্তু উপস্থাপনের ধরন অবশ্যই শ্রোতার অবস্থা অনুযায়ী হতে হবে।

আরেকটি জরুরি কথা হলো—আপনার টার্গেট অডিয়েন্স কারা? তারা কি শুধু 'ইসলামপন্থী' ভাইয়েরা?

না, বরং আপনার আসল টার্গেট হলো সমাজের সাধারণ মানুষ। যারা পুরোপুরি সেক্যুলারও না, আবার পুরোপুরি দ্বীনদারও না। যারা শবে বরাতে নামাজও পড়ে আবার থার্টি ফার্স্ট নাইটে ঘুরতেও বের হয়। তাদের ভাষা দিয়ে, তাদের উদ্বেগ নিয়ে তাদের কাছে পৌঁছাতে হবে।

মূলনীতি ৫: পারিপার্শ্বিকতাকে চিনতে হবে (Know Your Environment)

আপনি যে মাঠে খেলবেন, সেই মাঠটা আপনার চিনতে হবে। একজন ক্রিকেটারকে যেমন ইংল্যান্ডের পিচ আর বাংলাদেশের পিচের বাউন্স বা সুইংয়ের পার্থক্য বুঝতে হয়। তেমনি আপনি যে অঞ্চলে কাজ করছেন, সেখানকার মানুষের মনস্তত্ত্ব, ভাষা, তাদের কষ্ট, তাদের আশা-আকাঙ্ক্ষা—সব আপনাকে বুঝতে হবে।

একইসাথে, এই বাংলার মাটির ইতিহাস জানতে হবে। আপনি আপনার মানুষের ইতিহাস না বুঝলে, ভবিষ্যতের জন্য তাদের স্বপ্ন দেখাতে পারবেন না।

বুঝতে হবে দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলোও। রাজনীতি নিয়ে কাজ না করলেও, রাজনৈতিক সমীকরণটা জানতে হবে।

একই সাথে মনে রাখবেন, পৃথিবীর বেশিরভাগ মানুষ কোনো আদর্শ দ্বারা চালিত হয় না। তারা মূলত তাদের দৈনন্দিন জীবনের উদ্বেগ—আয়-রোজগার, খাওয়াদাওয়া—এসব নিয়েই ভাবে। কার কনসার্ন কী, সেটা বুঝুন এবং সেই বিষয় দিয়েই তার সাথে কথা বলুন। আপনার অ্যাক্টিভিসম অবশ্যই জীবনমুখী হতে হবে।

আর শেষ কথাটা হলো—নিজের কওমের প্রতি, আপনার মাদ'উ-এর প্রতি আপনার মমতা থাকতে হবে। নবী-রাসূলগণের মতো আন্তরিকভাবে চাইতে হবে যে, আপনি এদের জান্নাতে নিয়ে যেতে চান।

মূলনীতি ৬: কমফোর্ট জোন ছাড়ুন

আপনার অভ্যস্ততার জায়গা (কমফোর্ট জোন) থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন হলো সেই কাজগুলো, যা করতে আপনার সহজ লাগে, ভালো লাগে বা আপনি অভ্যস্ত। অন্যদিকে, যে কাজটা আপনি আগে করেননি, যা করতে গেলে একটু নার্ভাস লাগে—সেটা থেকে আমরা দূরে থাকতে চাই। কার্যকরভাবে আপনার লক্ষ্য অর্জন করতে হলে, এই অপরিচিত ও অস্বস্তিকর কাজগুলো সাহস করে শুরু করতে হবে। নিজের পছন্দ মতো কাজ করবো, এমন জেদ ধরে থাকলে অ্যাক্টিভিসম করতে পারবেন না।

মূলনীতি ৭: কাজ হবে পেশাদার (Be Professional)

আপনার কাজ হতে হবে পুরোপুরি প্রফেশনাল। কী করবেন, কেন করবেন, কীভাবে করবেন—সবকিছু পরিষ্কার থাকা চাই। টিমে কে কী করবে, কার দায়িত্ব কী—ঠিক করা থাকতে হবে। শুধু আবেগ দিয়ে একটা কিছু করলাম, এমন হলে চলবে না।

ধরুন, আপনার একটা স্টার্টআপ আছে। কেউ আপনাকে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করলো। আপনি নিশ্চয়ই সেই টাকা নিয়ে হুট করে গুলশানে অফিস নেবেন না বা দামি গাড়ি কিনবেন না। বরং আপনি সিরিয়াসলি চিন্তা করবেন, একটা দৈনিক রুটিন বানাবেন, আগামী ছয় মাসের প্ল্যান কী—সব বিশ্লেষণ করবেন। কাজের আপডেট নেবেন।

তাহলে ইসলামের জন্য কাজের ক্ষেত্রে কেন আমরা এভাবে আগাই না? কেন আমরা এলেমেলোভাবে, খেয়ালখুশিমত কাজ করি? দ্বীনের কাজ যেহেতু আল্লাহর জন্য করা, তাই এটা সর্বোচ্চ সুন্দরভাবে, ইহসানের সাথে করতে হবে। জযবা বা আবেগ দরকার, কিন্তু এটা শুধু ফুয়েল বা তেল। গাড়ি চালাতে যেমন স্টিয়ারিং, ক্লাচ, ব্রেক লাগে, তেমনি অ্যাক্টিভিসমে প্ল্যানিং ও ম্যানেজমেন্ট প্রয়োজন। শুধু আবেগ দিয়ে চললে হবে না, এখানে আকল বা বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে।

আরেকটি জরুরি বিষয় হলো—কাজে একটি যথাযথ সাংগঠনিক কাঠামো থাকা দরকার। কাজটা যেন প্রসেস ওরিয়েন্টেড বা নিয়মতান্ত্রিক হয়। যেন এমন না হয় যে, একজন লোকই সব কাজ করছে আর সে চলে গেলে পুরো কাজ থেমে যায়। একটি সিস্টেম ডেভেলপ করুন, অন্যদের শেখান, যেন আপনি চলে গেলেও আপনার কাজ চলতে থাকে। কাজ হবে প্রক্রিয়া নির্ভর, ব্যক্তিনির্ভর না।

মূলনীতি ৮: গুণগত মানে মনোযোগ দিন (Quality Engagement)

অ্যাক্টিভিসমের ক্ষেত্রে কাজের কোয়ালিটি বা গুণগত মান বাড়ানো খুব জরুরি। আমাদের কাজগুলো এখন পর্যন্ত মূলত লিফলেট বিলি, পোস্টারিং এবং কিছু আলোচনার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আরও অনেক কিছু করার আছে।

যেসব ক্যাম্পেইন সফল হয়, সেগুলোতে দেখবেন—লেখা তৈরি করা, ডিজাইন করা, উদ্যোগ নেওয়া—সবকিছু আগে থেকেই প্রস্তুত থাকে। কিন্তু সবসময় এমন 'রেডিমেড' কাজ পাবেন না। লেখা তৈরি করা, ডিজাইন করা, হাইপ তোলা, সেমিনার বা জরিপের মতো বিষয়গুলোয় আপনাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে। অনলাইনে কেউ কিছু একটা লিখে দেবে আর আমি শুধু প্রিন্ট করব—এটা অ্যাক্টিভিসমের খুবই সামান্য অংশ।

ছোট থেকে বড়, যেকোনো কাজ আয়োজন করতে হলে যেসব স্কিল প্রয়োজন তার সবই আপনার ইউনিটের মধ্যে থাকতে হবে।

মূলনীতি ৯: কেবল বিরোধিতা নয়, আগামীর ভিশন (Don't Just Negate, Innovate)

আমাদের বেশিরভাগ কাজ হয় বিরোধিতামূলক—আমরা এলজিবিটি এজেন্ডা, যিনা দিবস উদযাপন বা শিক্ষাব্যবস্থার বিকৃতির বিরুদ্ধে। কিন্তু শুধু বিরোধিতা করে কোনো শক্তিশালী বার্তা বা সামাজিক শক্তি অর্জন করা যায় না। বিরোধিতা জরুরি, কিন্তু আপনি কী চান? এই সমাজের জন্য, এই কওমের জন্য আপনার স্বপ্ন কী? এটাও মানুষকে জানানো জরুরী। বর্তমানে কী খারাপ, সেটা বলছেন—ঠিক আছে। কিন্তু আপনার আদর্শ বিদ্যমান সমস্যাগুলো কীভাবে সমাধান করে, ইসলামের জায়গা থেকে সেই সলিউশন বা সমাধানগুলো মানুষের সামনে তুলে ধরুন।

মানুষ আজ ডিপ্রেশন, মেন্টাল হেলথ, বা বৃদ্ধাশ্রমের মতো অনেক সমস্যায় হয়রান হয়ে আছে। এগুলো নিয়ে কাজ করুন, দাওয়াহ করুন, লিফলেট করুন, সেমিনার করুন। সমাজের বড় একটি অংশ আপনার এই ইতিবাচক কাজগুলোকে মূল্যায়ন করবে। এই ধরনের উদ্যোগের আইডিয়া আপনাদের কাছ থেকে আসা উচিত। এমন যেন না হয় যে, আপনাদের ধাক্কা দিয়ে দিয়ে কাজ করাতে হচ্ছে।

মূলনীতি ১০: কুরআন ও সুন্নাহর ভিত্তি (Upon the Quran and the Sunnah)

যা কিছু করুন না কেন, আপনাকে শরীয়াহর সীমানার মধ্যে থাকতে হবে। হারাম কিছু করা যাবে না, বিদ'আতের দিকে যাওয়া যাবে না। দ্বীনের কাজ করার জন্য দ্বীনের সাথে আপস করা চলবে না।

যদি দ্বীনের কাজ করার জন্য আপনি হারামে যুক্ত হন, তবে স্বল্পমেয়াদে হয়তো কিছু অর্জন করবেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি হারবেন। নবী (সাঃ)-কে কুরাইশরা রাজা হওয়ার বা আপস করার অনেক প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। কারণ, দ্বীনের সাথে আপস করে কখনো দ্বীনের কাজ হয় না।

আক্বীদা ও আমলের বিশুদ্ধতা প্রত্যেক কাজের পূর্বশর্ত। আপনার কোনো মূলনীতি থাকবে না, কোনো ভিত্তি থাকবে না—যে এসে সুন্দর কথা বলবে, যে একটু বেশি প্রভাব বিস্তার করা বক্তব্য দিতে পারে, আপনি তার কথাতেই গলে যাবেন—এমন যেন না হয়। মুমিনের অবস্থা হবে এমন যে, সে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে। সে জানবে, সে কে, তার ভিত্তি কী। আমরা একটি ঝড়ো সমুদ্র-এ নেমেছি। এখানে আপনার নৌকা হলো কুরআন ও সুন্নাহ, সালাফুস সালিহীনের চেতনা। এগুলো ছেড়ে দিলে আপনি নিশ্চিত সমুদ্রে হারিয়ে যাবেন। কাজেই, নিজের আদর্শ স্পষ্ট থাকতে হবে এবং এখানে কোনো আপস করা যাবে না।

উপসংহার:

এই ছিল আমাদের ১০টি মূলনীতি—

  • স্প্রিন্ট নয়, ম্যারাথন
  • অনুশীলন - কাজ করতে করতে শিখুন
  • ক্রিয়াশীল হোন, প্রতিক্রিয়া না (Be Proactive, Not Reactive)
  • আপনার শ্রোতা ও দর্শককে জানুন, বুঝুন (Know Your Audience)
  • পারিপার্শ্বিকতাকে চিনতে হবে (Know Your Environment)
  • কমফোর্ট জোন ছাড়ুন
  • কাজ হবে পেশাদার (Be Professional)
  • গুণগত মানে মনোযোগ দিন (Quality Engagement)
  • কেবল বিরোধিতা নয়, আগামীর ভিশন (Don't Just Negate, Innovate)
  • কুরআন ও সুন্নাহর ভিত্তি (Upon the Quran and the Sunnah)

সম্পর্কিত পোস্ট

সামাজিক অবক্ষয় নিয়ে ক্যাম্পেইন করার নিয়ম-কানুন
return (সাধারণ নীতিমালা);

সামাজিক অবক্ষয় নিয়ে ক্যাম্পেইন করার নিয়ম-কানুন

August 27, 2025
বিস্তারিত →
ক্যাম্পেইন ও সোশ্যাল মিডিয়া মেইন্টেইন করার বিষয়ে সাধারন কিছু নীতিমালা
return (সমস্যা এড়ানোর উপায় );

ক্যাম্পেইন ও সোশ্যাল মিডিয়া মেইন্টেইন করার বিষয়ে সাধারন কিছু নীতিমালা

August 27, 2025
বিস্তারিত →
অফলাইন অ্যাক্টিভিজম
return (সাধারণ নীতিমালা);

অফলাইন অ্যাক্টিভিজম

August 25, 2025
বিস্তারিত →
মুসলিম অ্যাক্টিভিস্টের ইশতেহার
return (সাধারণ নীতিমালা);

মুসলিম অ্যাক্টিভিস্টের ইশতেহার

September 4, 2025
বিস্তারিত →
বোনেরা কিভাবে শরীয়াহর মধ্যে থেকে অফলাইন দাওয়াহ ও অ্যাক্টিভিজম করবেন?
return (নারীদের অ্যাক্টিভিসম);

বোনেরা কিভাবে শরীয়াহর মধ্যে থেকে অফলাইন দাওয়াহ ও অ্যাক্টিভিজম করবেন?

August 27, 2025
বিস্তারিত →
কারা হবে আমাদের শক্তি
return (অ্যাক্টিভিস্ট হ্যান্ডবুক);

কারা হবে আমাদের শক্তি

September 16, 2025
বিস্তারিত →
ষোলো পাঠচক্র: কেন ও কীভাবে?
return (অ্যাক্টিভিস্ট হ্যান্ডবুক);

ষোলো পাঠচক্র: কেন ও কীভাবে?

September 20, 2025
বিস্তারিত →
কিভাবে কার্যকরভাবে পোস্টারিং করতে হয়?
return (অ্যাক্টিভিস্ট হ্যান্ডবুক);

কিভাবে কার্যকরভাবে পোস্টারিং করতে হয়?

December 27, 2025
বিস্তারিত →

ক্যাটাগরি সমূহ